বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের মূল বেতন ঠিক করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আলাদা বেতন ও ভাতা নির্দেশাবলি ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৮৪ পৃষ্ঠার এই নির্দেশাবলিতে বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জেসিও, সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য আলাদা বেতনসীমা রাখা হয়েছে।
নির্দেশাবলি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল ও ভাইস অ্যাডমিরালের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা, মেজর জেনারেল ও রিয়ার অ্যাডমিরালের ১ লাখ ৫৬ হাজার টাকা। ব্রিগেডিয়ার জেনারেল পদে ১৭তম বছরে মূল বেতন ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা, কর্নেলের ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেলের ১ লাখ ২২ হাজার টাকা এবং মেজরের ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা।
সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদেরও নতুন মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে, বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত সদস্যরা প্রথম ছয় মাসে নতুন বেতনের ৪০ শতাংশ এবং পরের ছয় মাসে আরও ৩০ শতাংশ পাবেন। সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটদের ক্ষেত্রে হার যথাক্রমে ৫০ ও ২৫ শতাংশ। ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ বেতন পাবেন। বাড়তি ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে; এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারেই ভাতা দেওয়া হবে।
মূল বেতনের বাইরে কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও বাড়ানো হয়েছে; বাহিনীপ্রধানের জন্য এ ভাতা মাসে ৩ হাজার ৭৫০ টাকা। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার থেকে বেড়ে ৭ হাজার ২০০ টাকা এবং ব্যাটম্যান ভাতা ৬০০ থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে।
নতুন করে মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তানের ভাতা, হাওর-দ্বীপ-চর ভাতা এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা যুক্ত করা হয়েছে। মোবাইল ভাতা পাবেন মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা, ক্যাপ্টেন ও নিচের পদের সদস্যরা ১৫০ টাকা। প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের ভাতা মিলবে। হাওর, দ্বীপ ও চর ভাতা হবে মূল বেতনের ২০ শতাংশ, তবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতরা তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা পাবেন মাসে ২ হাজার টাকা।