শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় ডাকাত ভেবে চিৎকার করলেন ইসলামি বক্তা নোমানী, ‘আওয়ামী লীগের লোক’ ভেবে গাড়িতে হামলার কথা বললেন বিএনপি নেতা

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়ি ভাঙচুর; পুলিশ একে ‘ভুল-বোঝাবুঝি’ বলছে, বিএনপির জেলা সভাপতি দুঃখ প্রকাশের কথা জানিয়েছেন।

নেত্রকোনায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মনে করে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা তাঁর গাড়ি থামানোর চেষ্টা করেন এবং গাড়ি না থামায় পিছু নিয়ে হামলা চালান—এমন অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস সড়কে ঘটনাটি ঘটে। হামলার সময় গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। ঘটনার এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওয়াসেক বিল্লাহকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে সাহায্য চাইতে শোনা যায়।

নোমানীর ঘনিষ্ঠজন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা-২ আসনের প্রার্থী মাওলানা আবদুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, মাহফিল শেষে গভীর রাতে নোমানী ও তাঁর সফরসঙ্গীরা নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় বাড়ির দিকে রওনা হন। পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন তাঁদের গাড়ি থামানোর চেষ্টা করেন। ডাকাত সন্দেহে নোমানী চিৎকার করেন এবং চালককে না থেমে এগিয়ে যেতে বলেন। পরে কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে থানার দিকে রওনা দেন নোমানী; থানায় যাওয়ার পথেও হামলা থামেনি বলে জানান কাইয়ুম।

কাইয়ুমের ভাষ্য, থানায় পৌঁছানোর পর জানা যায়, রাস্তায় পাহারায় থাকা বিএনপির লোকজন গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন এবং না থামায় ভেবেছিলেন গাড়িতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ‘এটা ভুল-বোঝাবুঝি ছিল। এটা কোনো ডাকাতির ঘটনা নয়। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি বিএনপি নেতৃবৃন্দকে জানানো হয়েছে।’

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ইদানীং গুপ্ত হামলা চালিয়ে জ্বালাও–পোড়াও করছে; রাতে তারা এলাকায় ঢুকে মিছিল করতে বা আগুন দিতে পারে—এমন খবর তাঁদের কাছে ছিল, তাই বিভিন্ন জায়গায় লোকজন পাহারায় ছিলেন। তাঁর দাবি, গাড়িটি যাওয়ার সময় তাঁদের লোকজন থামার সংকেত দিলেও চালক না থেমে বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছিলেন, ফলে তাঁদের ধারণা হয় গাড়িতে ‘ফ্যাসিস্টের লোকজন’ রয়েছেন। আনোয়ারুল হক বলেন, এ ঘটনার জন্য তাঁরা নোমানীকে ‘সরি’ বলেছেন; এটি একটি ভুল-বোঝাবুঝি ছিল।

বক্তব্য জানতে ওয়াসেক বিল্লাহ নোমানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।