জাপানের মধ্যাঞ্চলে রোববার ভোরে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জন আহত হয়েছেন। জাপানের স্থানীয় গণমাধ্যম স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, আইচি ও শিজুওকা প্রদেশে লোকজন আহত হয়েছেন। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎস শিজুওকা প্রদেশের পশ্চিমাংশে, ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। এটি গত প্রায় তিন দশকের মধ্যে আইচি অঞ্চলে সবচেয়ে শক্তিশালী কম্পন বলে জানানো হয়েছে। টয়োহাশিসহ আইচির কিছু এলাকায় একটি গাড়ির শোরুমের জানালার কাচ ভেঙে পড়ার ছবি প্রকাশ পেয়েছে।
শিজুওকার হামাওকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান চুবু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। কম্পনের কারণে স্থানীয়ভাবে কিছু ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
একই দিন সকালে দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোতো প্রদেশে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। কুমামোতোয় ২৮ জুলাই ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।