হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।
শুনানিতে আখতারুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির ও আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। তাঁরা আদালতে বলেন, রাজনৈতিক কারণে তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। মামলায় যতগুলো ধারা দেওয়া হয়েছে, একটি ছাড়া বাকি সবগুলো জামিনযোগ্য বলেও তাঁরা যুক্তি দেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
জামিন আবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলাটি করা হয়েছে।
এর আগে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।