কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ৩৮ মিনিটের ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে।’ তিনি আরও বলেন, এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না এবং তার আগেই ‘চব্বিশের চেতনায়’ আবার মাথা গুঁড়িয়ে দিতে চান তিনি।
সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা হয়েছিল, তা দেশবাসী দেখেছে। দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকেও লাঞ্ছিত করার চেষ্টা হয়েছে। ইতালিতে বাংলাদেশের এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, দলটির পলাতক নেত্রী সমর্থকদের গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়ার এবং হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এসব সন্ত্রাসীকে যাঁরা আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, তাঁদের মনোভাবও স্পষ্ট হয়ে গেছে। তাঁর ভাষ্য, বাংলাদেশকে আবার তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। ১৯৭১ ও ২০২৪ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতাপ্রিয় মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বা গণ-অভ্যুত্থান করেনি।
এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসহ দলমত-নির্বিশেষে সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।