ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যাওয়ার পর এই প্রথম তিনি এ ধরনের আবেদন করলেন। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনটি জমা দেওয়া হয়।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তাঁরা জেনেছেন। তাই নতুন করে এসব নথি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
আইনজীবীদের চিঠিতে আরও বলা হয়, আবেদনগুলো বিবেচনার সময় শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার বিষয়টি মাথায় রাখতে হবে। আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধও জানানো হয়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তাঁর সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ জানানো হবে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
আবেদনের বিষয়ে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।
ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর একটি ছিল। পটপরিবর্তনের পর দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এবং অনেক নেতা-কর্মী কারাগারে আছেন। কেউ কেউ ভারতে বা অন্য দেশে অবস্থান করছেন। বিশ্লেষকদের মতে, এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে শেখ হাসিনার সমর্থন আছে। তাঁর ফেরার উদ্যোগ ঢাকা ও নয়াদিল্লির টানাপোড়েনপূর্ণ সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।