বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধে বাংলাদেশমুখী ১৫৩টি ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ২২ হাজার ৬৩৬ যাত্রী

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হিসাবে ৭৬টি সরাসরি ও ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে; বিমান রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইটের স্থগিতাদেশ ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ২২ হাজার ৬৩৬ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বুধবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৭৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। স্থগিত থাকা ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।