গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার রাতে বিএনপি ও যুবদলের কয়েকটি কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সময়ে কয়েকটি দোকান ও একটি ব্যক্তিগত কার্যালয়েও হামলা হয়। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাত আটটার দিকে প্রথমে উপজেলার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এরপর হামলাকারীরা কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও আগুন দেয়। একপর্যায়ে নিলফা বাজারে বিএনপির কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ও ভাঙচুরের শিকার হয়।
ওই সব ঘটনার পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাত ১১টার দিকে মুঠোফোনে জানান, খালেক বাজারে কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর চালানো হয়। তাঁর দাবি, এ ঘটনায় বিএনপির দুই-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন। মোক্তার হোসেনের অভিযোগ, মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই তাণ্ডব চলে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান শনিবার রাতে জানান, কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য জানতে রাত ১১টা ১৬ মিনিটের দিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি; ফলে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। হামলায় জড়িতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো পুলিশের কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।