জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাঁদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর করেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে এক শিক্ষককেও হেনস্তা করা হয়। মারধরের পর কর্মকর্তাদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়; সেখানে অভিযোগকারীরা তাঁদের পুলিশে দেওয়ার দাবি জানান।
পরে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে জরুরি সভায় পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয় এবং ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়। অফিস আদেশে বলা হয়, ছাত্রদল শাখার নেতাদের ১৬ নভেম্বরের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও নাশকতার অভিযোগের প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁদের সাময়িক বহিষ্কার করা হলো; তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বরখাস্তদের মধ্যে আছেন সহকারী পরিচালক মুহাম্মদ জুনায়েদ হোসাইন, উপপরিচালক সঞ্জয় কুমার পাল ও হিমাদ্রী শেখর মণ্ডল, উপরেজিস্ট্রার সাইদুর রহমান রনি এবং সেকশন অফিসার মো. নূরুল হুদা।
সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, কর্মকর্তাদের কয়েকজন একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ উঠেছে। তাঁর ভাষ্য, ক্যাম্পাসে কিছুদিন আগে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক এক শিক্ষার্থীর সঙ্গে অনেক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনে কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়েছিল। পরে তদন্তের স্বার্থে ডাকা হলে হাজির হবেন—এই মর্মে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রশাসনের মূল দায়িত্ব। কর্মকর্তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ব্যক্তিরা সম্মিলিতভাবে নিয়েছেন বলেও তিনি জানান।