চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন সেতুর পানির নিচে থাকা লোহার সঙ্গে ধাক্কা লেগে লবণবোঝাই দুটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে পটিয়ার চানখালি খালের নাইখাইন এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মালিকদের দাবি, এতে তাঁদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত নৌকার মালিক কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকার নুরুল আফসার ও আব্দুর শুক্কুর জানান, নৌকা দুটিতে প্রায় সাড়ে তিন হাজার মণ অপরিশোধিত লবণ নিয়ে তাঁরা পটিয়ার ইন্দ্রপোল লবণ শিল্প এলাকায় যাচ্ছিলেন। নাইখাইন এলাকা পার হওয়ার সময় সেতুর সঙ্গে থাকা, পানিতে ডুবে থাকা লোহার পাত বা অ্যাঙ্গেলে ধাক্কা লেগে নৌকা দুটি তলিয়ে যায়। বর্তমানে পাইকারি বাজারে প্রতি মণ লবণ সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে; সে হিসাবে প্রায় ৩০ লাখ টাকার লবণ নষ্ট হয়েছে। নৌকাসহ মোট ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা বলে তাঁরা জানান।
পটিয়া ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির ওয়াহিদুস সামাদ হেলাল জানান, পানি উন্নয়ন বোর্ড ওই খালের ওপর সেতু নির্মাণ করছে। নির্মাণকাজের ধীরগতির কারণে সেতুর পিলারে থাকা লোহার পাত ও অ্যাঙ্গেলে লেগে এর আগেও ১০ থেকে ১২টি লবণবোঝাই নৌকা ডুবে ব্যবসায়ী ও মাঝিদের বড় ক্ষতি হয়েছে। তিনি দ্রুত সেতুর কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাঈদ বলেন, সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। নৌকাডুবির পর খালের পাড়ে মালিকদের অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়।