শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে দুই কারখানাকে জরিমানা, একজনের এক মাসের কারাদণ্ড

শনিবার শিবগঞ্জ বাজারে সকাল থেকে চালানো অভিযানে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা ও এক ভাইকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুটি কারখানাকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত উপজেলার শিবগঞ্জ বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম। জানা গেছে, শিবগঞ্জ গ্রামের এক ব্যক্তির মৃত্যুর পর এসডি এগ্রোভেট নামে পৃথক দুটি কারখানা তাঁর দুই ছেলে চালাতেন। নকল সার ও কীটনাশক উৎপাদনের অভিযোগে এক কারখানার মালিকের অনুপস্থিতিতে তাঁর স্ত্রীকে বালাইনাশক আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই নামে আরেকটি কারখানা চালানোয় মালিকের ভাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রতিষ্ঠানটিকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, কারখানা দুটির জৈব সার তৈরির অনুমোদন থাকলেও অভিযানে কিছু পণ্য তৈরির কোনো কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। অনুমোদনপ্রাপ্ত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হবে।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম জানান, দুই প্রতিষ্ঠানের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।