বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি; ২২ ক্যারেট ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

চার দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। প্রতি ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। গহনার ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে গহনা এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে; তবে এক্সচেঞ্জ ও পারচেজে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এর আগে ২৫ অক্টোবর সকালে বাজুস দাম সমন্বয় করে প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ১২৭ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ৬১ বার বাড়ানো, ৬৫ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দাম সমন্বয় হয়েছিল মোট ৯৩ বার—৬৪ বার বেড়েছিল ও ২৯ বার কমেছিল।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত আছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির ২ হাজার ৩৯১ টাকা।