লিবিয়ার বেনগাজি বন্দর ও উপকূলে রোববারের হামলার পর এবার দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এক পোস্টে তিনি জানান, সাতটি ইউক্রেনীয় নৌ-ড্রোন ব্যবহার করে রুশ করভেট ‘মের্কুরি’ ডুবিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালে বহরে যুক্ত হওয়া জাহাজটিকে রাশিয়ার নতুন জাহাজগুলোর একটি বলা হচ্ছে।
জেলেনস্কির ভাষ্য, অভিযানে একটি রুশ কা-২৭ হেলিকপ্টারও ধ্বংস হয়েছে। দ্বিতীয় লক্ষ্য ছিল শুকনো মালবাহী জাহাজ ‘এমভি আঙ্গারা’, যেটি রাশিয়া অস্ত্র পরিবহনে ব্যবহার করত বলে তাঁর অভিযোগ। এই জাহাজেও আঘাত লেগেছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ‘নির্ধারিত জলসীমায় আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।’ অভিযানে অংশ নেওয়া ইউক্রেনের নিরাপত্তা সেবা ও অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তিনি ধন্যবাদ জানান।
এদিকে সোমবার জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) বেনগাজি বন্দর ও উপকূলের হামলাগুলো নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। মিশন অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, লিবিয়াকে বিদেশি সংঘাতের যুদ্ধক্ষেত্র হতে দেওয়া যাবে না। মিশন সব পক্ষকে সংযম দেখাতে এবং যাচাই-না-করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেছে।
লিবিয়ার প্রতিনিধি পরিষদও এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সংঘাতে লিবিয়া কোনো পক্ষ নয় এবং দেশের ভূখণ্ড বা জলসীমা বাইরের সশস্ত্র সংঘাতের ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে না। পূর্বাঞ্চলীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রোববারের হামলায় বেনগাজি বন্দরে নোঙর করা একটি রুশ জাহাজ আঘাতপ্রাপ্ত হয়, এতে ১০ জন বন্দরকর্মী আহত হন। পরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজও উপকূলের কাছে ড্রোন নৌযানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়; সামরিক সূত্রের বরাতে জানা গেছে, জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন সামান্য আহত হয়েছেন। লিবিয়ার সামরিক সূত্রের দাবি, ওই সন্ধ্যায় উপকূলের কাছে ২০টির বেশি ড্রোন নৌযান ঠেকিয়ে দেওয়া হয়েছে।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে আন্তর্জাতিক তদন্ত এবং লিবিয়ায় ইউক্রেনের সামরিক তৎপরতা নিয়ে ব্যাখ্যা চেয়েছে। প্রশাসনের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ ড্রোন নৌযানগুলো পশ্চিম লিবিয়া থেকে এসেছে কি না এবং দেশে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতির অভিযোগ যাচাইয়ের দাবি তুলেছেন। প্রশাসন রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরুর কথাও জানিয়েছে।
এর মধ্যে আলবেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, কিছু প্রতিবেদনে হামলাটি তাদের ভূখণ্ড থেকে চালানো হয়েছে বলে যে দাবি এসেছে, তা ‘ভুল’ এবং যাচাইযোগ্য প্রমাণহীন। মন্ত্রণালয়ের ভাষ্য, হামলায় আলবেনিয়া জড়িত ছিল না এবং তাদের ভূখণ্ড ব্যবহার বা সহায়তার জন্য দেওয়া হয়নি। যাঁরা এসব অভিযোগ ছড়াচ্ছেন, তাঁদের সংশোধন প্রকাশের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।