রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি ও উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের বরাতে বিষয়টি জানা গেছে।
নতুন সূচি অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে। ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এবার উচ্চমাধ্যমিক বা সমমানের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তাঁরা ফল প্রকাশের পর আরও সাত দিন পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভর্তির যোগ্যতা নিয়ে উপাচার্য জানান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ লাগবে।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।