রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জের একটি পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। তখন ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম উদ্দিন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সংবাদ লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।