বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজশাহী জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা: গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ

মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার থানার ওসিদের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পৃথকভাবে অনুষ্ঠিত এসব সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। সকাল ১০টায় মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় অপরাধ পর্যালোচনা সভা হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যের ব্যক্তিগত আবেদন ও সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ মানুষ যাতে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ সুপার। পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

সভায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, অপরাধ নিয়ন্ত্রণ এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে পুলিশ সুপার উপস্থিত সব কর্মকর্তা ও পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।