বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লার মুরাদনগর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ৫১ চিকিৎসকের মধ্যে ১২ জন অনুপস্থিত, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

পূর্বঘোষণা ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দীর্ঘদিন বিনা অনুমতিতে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছেন মন্ত্রী।

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাতজন চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালটিতে যান মন্ত্রী। এ সময় তিনি চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও হাসপাতালের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি দুজন অসহায় রোগীকে ব্যক্তিগতভাবে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে মোট ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনের সময় ১২ জন অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে কর্মরত। বাকি পাঁচজন দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ আছে। এই পাঁচ চিকিৎসক হলেন ডা. সমরজিত সাহা, ডা. তৌহিফুর রহমান, ডা. যোবায়ের ইবনে সামস, ডা. ফারহান ইমতিয়াজ ও ডা. সুচেতা ভট্টাচার্য।

মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর অভিযুক্ত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, তা পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।