উপজেলা ও জেলা পর্যায়ে গঠিত দুটি কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ডিলার নিয়োগে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতেই মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে সংসদে আলোচনা হচ্ছে।
মন্ত্রী জানান, নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়। উপজেলা কমিটির নেতৃত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা কমিটির নেতৃত্বে আছেন জেলা প্রশাসক (ডিসি)। বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিল এবং আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
কৃষিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কমিটিগুলোকে নীতিমালা শতভাগ অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা পর্যায়ে ব্লকের কৃষি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। এরপর সুপারিশ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।
জেলা পর্যায়ের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ডিসির নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন। এই কমিটি উপজেলা থেকে আসা প্রস্তাব আবার যাচাই করে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দক্রমে তিনজনের নাম মন্ত্রণালয়ে সুপারিশ করে। ওই সুপারিশে কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল। মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, সার ডিলার নিয়োগের প্রস্তাব কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে আসেনি; কমিটির সব সদস্যের সম্মতিতে স্বাক্ষরিত সুপারিশের ভিত্তিতেই নিয়োগ হয়েছে।