রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
প্রক্টর সাংবাদিকদের জানান, মূল ফটকে দায়িত্বরত পুলিশ তাঁকে ফোনে জানায় যে দুটি ককটেল পাওয়া গেছে। এর একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। প্রক্টরের ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু তাঁকে ফোন করে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে বলেন। বন্ধ না রাখলে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রক্টর বলেন, তিনি ওই ব্যক্তিকে জানিয়ে দিয়েছেন যে ক্যাম্পাস খোলা থাকবে, বন্ধ হবে না। তাঁর ভাষায়, “সাহস থাকলে তোমরা ক্যাম্পাসে এসে বন্ধ করে দেখাও।” তিনি এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ভীতিকর পরিস্থিতি তৈরির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই; ক্যাম্পাস অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
কাজলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ জানান, শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আরেকটি অক্ষত অবস্থায় পড়ে আছে। বিশেষজ্ঞ দল এলে সেটি উদ্ধার করা হবে। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার বক্তব্য পাওয়া যায়নি।