রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, কোনো ক্ষেত্রে ১.৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত: ফরেনসিক অডিটে সাত খাতে গরমিল

সরকারের ফরেনসিক অডিটের ফল নিয়ে সেমিনারে মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক স্বার্থে ও উন্নয়নের ইতিবাচক চিত্র দেখাতে হিসাব ফোলানো হয়েছিল।

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ২০১৪-১৫ অর্থবছর থেকে বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা ১ দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। সরকারের করা ফরেনসিক অডিট বা নিরীক্ষায় এ অসংগতি উঠে এসেছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে ‘জিডিপির হিসাবের ফরেনসিক অডিট প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। পরিকল্পনা মন্ত্রণালয় সেমিনারের আয়োজন করে। অডিট কমিটির সদস্য ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক নিরীক্ষার ফল উপস্থাপন করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজনৈতিক স্বার্থে ও উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরতে জিডিপির হিসাব বাড়িয়ে দেখানো হয়েছে। তাঁর ভাষ্য, বিশেষ করে যেসব খাতে নির্ভরযোগ্য প্রাথমিক তথ্য পাওয়া যায়নি এবং বিবিএসের সরাসরি জরিপের বদলে প্রশাসনিক বা দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহার করা হয়েছে, সেখানে গরমিল বেশি। ২২টি শিল্প উপখাতের তথ্য পরীক্ষা করে সিমেন্ট উৎপাদনের উদাহরণ দেন তিনি; উৎপাদন যত দেখানো হয়েছে, জিডিপিতে ওই খাতের মূল্য সংযোজনের হিসাবের সঙ্গে তার মিল মেলেনি। পেট্রোলিয়ামসহ কয়েকটি খাতেও একই ধরনের অসংগতি পাওয়া গেছে। তবে তৈরি পোশাক খাতে নির্ভরযোগ্য তথ্য থাকায় সেখানে এমন অসংগতি মেলেনি।

বিআইডিএসের মূল্যায়নে অতিরিক্ত হিসাবের সাতটি কারণ চিহ্নিত হয়েছে। এর মধ্যে আছে শিল্প উৎপাদন সূচকে ছোট নমুনা, কোথাও বড় শিল্পের উৎপাদন নিরূপণে মাত্র দুটি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার, জাতীয় রাজস্ব বোর্ডের করসংক্রান্ত তথ্য যাচাইয়ের পর্যাপ্ত ব্যবস্থার অভাব, রপ্তানি তথ্যে ওভার-ইনভয়েসিংয়ের প্রভাব এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পের উৎপাদন যান্ত্রিকভাবে অনুমান করা। মূল্যায়নে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আদায়ে ২০ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরে ২৩ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল, যা পরে ধীরে কমে এসেছে।

হিসাব নির্ভুল ও গ্রহণযোগ্য করতে বিআইডিএস ১০টি সংস্কার সুপারিশ করেছে। এর মধ্যে আছে মানসম্মত তথ্যছক চালু, দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহারে কারিগরি যাচাই বাধ্যতামূলক করা, পুরোনো ভিত্তিবছরের তথ্য নতুন মানদণ্ডে রূপান্তর, বিবিএসের স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং জাতীয় অর্থনৈতিক পরিসংখ্যানের মান নিয়ে কাজের জন্য স্থায়ী কমিটি গঠন। উপদেষ্টা জানান, রপ্তানির হিসাবে সরকার এখন বাংলাদেশ ব্যাংকের তথ্যকে প্রামাণ্য হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উঠেছিল। বিশেষজ্ঞরা তখন থেকেই ওই হিসাবে গরমিলের কথা বলে আসছিলেন; তবে প্রায় সব সরকারের আমলেই প্রবৃদ্ধির সঠিক হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।