বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মাঝারি ও বড় শিল্পকারখানা চলছে ৬৬ শতাংশ সক্ষমতায়, লোডশেডিং বেড়ে গড়ে চার ঘণ্টা: বিআইডিএস-বিসিআই জরিপ

এপ্রিল–জুন প্রান্তিকে ১৩০টি কারখানার তথ্যের ভিত্তিতে প্রথমবারের মতো প্রকাশিত ‘ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’-এ ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে প্রধান সমস্যা বলেছে।

চলতি বছরের এপ্রিল–জুন প্রান্তিকে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পকারখানাগুলো গড়ে ৬৬ শতাংশ উৎপাদন সক্ষমতায় চলেছে। গত বছরের চার প্রান্তিকে এসব কারখানা গড়ে ৬৭ শতাংশ সক্ষমতায় চলেছিল। অর্থাৎ এক বছরেও উৎপাদন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি, যার প্রভাব পড়েছে কর্মসংস্থানে।

মঙ্গলবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) কার্যালয়ে ‘ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ নামের জরিপের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। বিআইডিএস ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) যৌথভাবে প্রথমবারের মতো এই জরিপ করেছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি।

জরিপের তথ্য অনুযায়ী, উৎপাদন সক্ষমতা না বাড়ায় কর্মসংস্থান ও উৎপাদনের পরিমাণও বাড়েনি। উল্টো এক বছরের ব্যবধানে জ্বালানিসংকট প্রকট হয়েছে। আগে গড়ে লোডশেডিংয়ের সময় ছিল দুই ঘণ্টা, এপ্রিল–জুন প্রান্তিকে তা বেড়ে চার ঘণ্টায় দাঁড়িয়েছে। ফলে ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে তাদের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। শিল্পোদ্যোক্তারা বলছেন, সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত করতে না পারলে কর্মসংস্থান যেমন বাড়বে না, তেমনি প্রতিষ্ঠানের মুনাফা ও সরকারের রাজস্ব আয়ও বাড়বে না।

দুই প্রতিষ্ঠান জানিয়েছে, ১৪টি খাতের ১৩০টি উৎপাদনমুখী কারখানার তথ্য নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। বিবেচনায় নেওয়া হয়েছে চারটি বিষয়: উৎপাদন, উপকরণ, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাব। উৎপাদন সূচকে ছিল উৎপাদন পরিস্থিতি, ক্রয়াদেশ, বিক্রি ও সক্ষমতার ব্যবহার; উপকরণ সূচকে কাঁচামাল, জ্বালানি ও আমদানি করা উপকরণের প্রাপ্যতা ও দাম; কর্মসংস্থান সূচকে শ্রমিকের সংখ্যা, নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার সংখ্যা। ব্যবসায়িক মনোভাব সূচকে শিল্পের বর্তমান অবস্থা এবং আগামী তিন মাসের প্রত্যাশা দেখা হয়েছে। তথ্য গত বছরের গড় ত্রৈমাসিকের সঙ্গে তুলনা করা হয়েছে।

ক্ষুদ্র শিল্পকে এই সূচকে রাখা হয়নি। দুই প্রতিষ্ঠান বলেছে, ক্ষুদ্র শিল্প এতটাই বৈচিত্র্যপূর্ণ যে মাঝারি ও বড় শিল্পের সঙ্গে একই সূচকে ধরলে সঠিক চিত্র পাওয়া যায় না। এখন থেকে প্রতি প্রান্তিকে নিয়মিতভাবে সূচকের ফল প্রকাশ করা হবে।