বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আটঘরিয়া থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে এসআরবি-১২; রোববার ৬৫ জন আত্মসমর্পণ করেছিলেন।

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থি ও সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২–এর সদস্যরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জে এসআরবি-১২–এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান মিয়া।

তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি। সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আটঘরিয়া থেকে এসব উদ্ধার করা হয়।

এর আগে রোববার এসআরবি-১২–এর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, তাঁদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।