কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। এবার সেই গ্যাস নিয়ন্ত্রিতভাবে উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ জন্য ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি, পাইপসহ খনন ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম আনা হচ্ছে।
শুক্রবার লরি ও ক্রেনের সাহায্যে এসব সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে।
গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। এরপর থেকে আগুন অব্যাহতভাবে জ্বলছে। বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসের মতো সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করে আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী ধাপে বাণিজ্যিকভাবে গ্যাস তোলা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষণ শেষে বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।
বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য গ্যাসের স্তর থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ একই ধরনের চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসা ছোট কোনো গ্যাস পকেটের চেয়ে বড় মজুতের ইঙ্গিত দিতে পারে বলে তাঁরা মনে করেন। তবে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া প্রকৃত মজুত বা বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি, যার মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। ইনানীতে পর্যাপ্ত মজুত নিশ্চিত হলে এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। সংশ্লিষ্টদের মতে, তা হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং আমদানিনির্ভরতা কমানোর নতুন সুযোগ তৈরি হবে।