রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন: ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

উত্তরে মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী ও দক্ষিণে হাফেজ মাওলানা মাহবুবুল হককে মনোনয়ন দিয়েছে দলটি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজধানীর দুটি সিটি করপোরেশনেই মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির প্রার্থী হয়েছেন মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে লড়বেন হাফেজ মাওলানা মাহবুবুল হক। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

দলটি জানিয়েছে, ঢাকা উত্তরের প্রার্থী মুর্শিদ আলম সিদ্দিকী বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ঢাকা দক্ষিণের প্রার্থী মাহবুবুল হক দলের কেন্দ্রীয় নায়েবে আমির এবং প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের (রহ.) সন্তান।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলটি পুরোদমে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, পৌরসভার মেয়র এবং সিটি করপোরেশনগুলোয় দলীয় প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রার্থী চূড়ান্ত করে ঘোষণাও দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় রাজধানীর এই দুই গুরুত্বপূর্ণ সিটিতে প্রার্থী চূড়ান্ত করা হলো।

নেতারা আশা প্রকাশ করেন, স্থানীয় সরকার পর্যায়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দলটি জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।