বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে চিকিৎসা শেষে ফেরার পথে সিএনজি অটোরিকশায় আগুন, দগ্ধ পাঁচ

কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গলবার রাতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে এক শিশুসহ পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন; তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লার দাউদকান্দিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে ৮০ বছর বয়সী একজন পুরুষ, ৬০ বছর বয়সী একজন নারী, ৩০ বছর বয়সী একজন নারী, ৫০ বছর বয়সী একজন পুরুষ এবং পাঁচ বছরের একটি শিশু রয়েছে। তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ৮০ বছর বয়সী পুরুষ, ৬০ ও ৩০ বছর বয়সী দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদ আলম বলেন, আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিনজনের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বিতারা গ্রামের এক ব্যক্তির মেয়ে বাড়িতে খেলার সময় নাকে একটি ছোট কাঠি ঢুকিয়ে ফেলে। সেটি বের করার জন্য পরিবারের সদস্যরা রাতে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসা শেষে শিশুটি ও পরিবারের সদস্যরা সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন।

অটোরিকশাটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে পাঁচ যাত্রী দগ্ধ হন। অটোরিকশায় থাকা আরও দুই শিশু যাত্রী অক্ষত ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম লাল দাস। তিনি বলেন, সেখানে গিয়ে তিনি দেখেন, অটোরিকশাচালকেরা আগুনে পুড়ে যাওয়া যানটি দ্রুত অন্যত্র সরিয়ে নিয়েছেন।