রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কর্মক্ষেত্রে বাড়ানো হবে ডে-কেয়ার সেন্টার, ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ হালনাগাদ হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিটের উদ্বোধনে মন্ত্রী বলেছেন, কর্মজীবী মায়েদের সন্তানের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আইনে সংশোধন আনা হবে।

কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।

শনিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের কল্যাণে যা প্রয়োজন, সরকার তা-ই করতে চায়। নারীদের শিক্ষাগ্রহণের পথে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতেও সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে কর্মজীবী মায়েরা যাতে নিশ্চিন্তে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং ধাপে ধাপে এর সংখ্যা বাড়ানো হচ্ছে। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের শিশু দিবাযত্ন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে সরকার আর্থিক ও নীতিগত সহায়তা দেবে, তবে সেগুলো সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব সবার—এ ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের একটি বড় বাধা মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব। তাঁদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজন এই সুবিধার অভাবে কর্মক্ষেত্রে ঢুকতে পারেন না। তাঁরা দ্রুত মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম এবং দেশি-বিদেশি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে শিশু দিবাযত্নবিষয়ক বিভিন্ন স্টল ঘুরে দেখেন।