বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি খাদে পড়ে মারা গেছেন নাকি কেউ তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কসাইপাড়া বান্দরবান বাসস্টেশনের অদূরে বান্দরবান-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কয়েকজন নারী ঝিরি থেকে পানি আনতে গিয়ে একটি লাশ ভাসতে দেখেন। তাঁরা বিষয়টি পাড়ার লোকজনকে জানালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে গভীর পাহাড়ি খাদ থেকে লাশ উদ্ধার করেন।
সংগঠনের নেতারা জানিয়েছেন, শরীফ জেলার পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাড়ি শহরের মেঘলা পর্যটন এলাকার ভাণ্ডারিপাড়ায়; বাবার নাম মো. জহির।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, উদ্ধার করা লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে, নাক ও মুখ দিয়ে রক্ত বেরিয়েছে এবং শরীরের বাঁ পাশে ক্ষত রয়েছে। পাহাড় থেকে খাদে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি নিজে পড়ে গেছেন নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
বান্দরবান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ বলেন, লাশ উদ্ধারের পর তাঁরা শরীফকে শনাক্ত করেছেন। শরীফ রাতে ভাণ্ডারিপাড়া থেকে কীভাবে কসাইপাড়ায় এলেন, তা রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি। প্রায় ১৫০ ফুট খাড়া পাহাড় থেকে ঝিরির খাদে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে আরিফ বলেন, তাঁকে জোর করে নিয়ে না গেলে সেখানে তাঁর যাওয়ার সুযোগ ছিল না।