ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি মিষ্টি ও চিনিজাত পণ্য তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন। রোববার উদ্ধারকর্মীরা তাঁদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বিবৃতি অনুযায়ী, জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরাং জেলার ফোনুসা আগুং মুলিয়া নামের কারখানাটিতে শনিবার বিকেলে আগুন লাগে। রাতে টেলিভিশনে দেখানো ছবিতে কারখানার বিভিন্ন অংশে আগুন জ্বলতে এবং ছাদের কিছু অংশ ধসে পড়তে দেখা যায়।
সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো বলেন, ‘এখন পর্যন্ত ৩৯ জনকে খোঁজা হচ্ছে।’ রোববারও কারখানার কিছু অংশে আগুন জ্বলছিল, যা নিখোঁজদের সন্ধান কঠিন করে তুলছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, যৌথ উদ্ধারদলের সব সদস্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে কিছুটা ভিন্নতা আছে। কোনো কোনো খবরে বলা হয়েছে, ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ৩৬ জন নিখোঁজ; সে হিসাবে মোট ক্ষতিগ্রস্তের সংখ্যা ৩৯। চারজনকে নিকটবর্তী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে বলে ওই খবরে বলা হয়।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আগুনের কারণ এখনো তদন্তাধীন।