শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ব্যাংক নিয়োগ পরীক্ষার কেন্দ্রের বাইরে দুই তরুণকে হাতকড়া পরিয়ে আটক, সাড়ে নয় ঘণ্টা পর মুক্তি; পুলিশ বলছে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে’

আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ে সিনিয়র অফিসার পদের পরীক্ষা চলাকালে বংশাল থানার পুলিশ দুজনকে হেফাজতে নেয়; দুই তরুণ বলছেন, কোনো অন্যায় করেননি।

পরীক্ষা শেষে বেরিয়ে নির্ধারিত জায়গায় ভাইকে খুঁজে পাননি এক তরুণী। তাঁর মুঠোফোন ও ব্যাগও ছিল ভাইয়ের কাছে। কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা তাঁকে জানান, ভাইকে বংশাল থানায় নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের মূল ফটক খোলা ছিল এবং পরীক্ষার্থীদের সঙ্গে আসা স্বজনেরা ভেতরে ঢুকতে পারছিলেন। বেলা তিনটার দিকে পরীক্ষা শুরু হলে তাঁদের বেরিয়ে যেতে বলা হয়। পুলিশ সদস্যরা বের করে দেওয়ার সময় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

বেলা ৩টা ২০ মিনিটে পুলিশ ফটকের বাইরে এসে এক পরীক্ষার্থীর ভাইকে হাতকড়া পরায় এবং কিছুক্ষণ পর পুলিশের গাড়িতে তোলে। আটকের কারণ জানতে চাইলে ঘটনাস্থলে এক পুলিশ সদস্য বলেন, ওই তরুণ ‘মব করার চেষ্টা করেছেন’ এবং ‘পুলিশ সদস্যের ওপর আক্রমণের চেষ্টা করেছেন’।

প্রায় ১০ মিনিট পর ফটকের বাইরে থেকে আরেক তরুণকে আটক করা হয়। তিনি গাড়িতে উঠতে অস্বীকৃতি জানালে তাঁকে জোর করে তোলা হয়। ধস্তাধস্তিতে তাঁর শরীরের কয়েক জায়গায় ক্ষত হয়। পরে জানা যায়, তিনি একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা। এতে কেন্দ্রের বাইরে অভিভাবকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

দুই তরুণের অভিযোগ, পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির জেরে তাঁদের থানায় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে এবং মুঠোফোন নিয়ে নেওয়া হয়েছে। বিকেলে থানায় এক পুলিশ সদস্য জানান, তাঁদের নাম-পরিচয় নেওয়া হচ্ছে এবং রাজনৈতিক মতাদর্শ জানতে নিজ নিজ এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। এক তরুণের বোন বলেন, সামান্য একটি বিষয়ে এভাবে হয়রানি করা হতাশাজনক।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। রাত সাড়ে নয়টার কিছু আগে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর দুই তরুণের কেউই বিস্তারিত কথা বলতে চাননি; একজন শুধু বলেন, ‘কিছুই বলার নেই। বিচিত্র এক অভিজ্ঞতা হলো।’