স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, সামাজিক মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হলেও ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাফিজুর রহমান বলেন, কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবি তুলেছেন। এ পর্যন্ত এই আন্দোলন যৌক্তিক। কিন্তু আন্দোলনের আড়ালে, আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা চালাচ্ছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও সামাজিক মাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে বলে তিনি উল্লেখ করেন।
এই কর্মকর্তা জানান, যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় জড়িত বেশ বড়সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনেক নাশকতাকারীকে সাহসী মানুষ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।
জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও কাছে কোনো তথ্য থাকলে তা তাঁদের সঙ্গে শেয়ার করা যেতে পারে। তাঁর ভাষ্য, এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে চলে আসবে; ভয় পাওয়ার কিছু নেই।