কক্সবাজারের সাবেক সংসদ সদস্য খালেকুজ্জামানের ২৫তম শাহাদতবার্ষিকী আজ, নানা কর্মসূচি
২০০১ সালে নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের ২৫তম শাহাদতবার্ষিকী আজ ২৮ সেপ্টেম্বর। ২০০১ সালের এই দিনে রামুর এক নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকাহত কক্সবাজারের মানুষ এক অভূতপূর্ব জানাজার মাধ্যমে প্রিয় এই নেতাকে শেষ বিদায় জানায়।
জানা যায়, ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলেন। নির্বাচনের মাত্র তিন দিন আগে ২৮ সেপ্টেম্বর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকায় (বর্তমান খালেকুজ্জামান চত্বর) তাঁর নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
জনসভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে রামুর দিকে আসছিলেন তিনি। এ সময় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও তাদের ভালোবাসা দেখে এডভোকেট খালেকুজ্জামান আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে জনতার মাঝেই তার এই আকস্মিক মৃত্যু আজও স্থানীয়দের কাছে বেদনাবিধুর স্মৃতি হয়ে আছে। তার মৃত্যুর পরও সাধারণ মানুষের ভালোবাসার প্রতিফলন দেখা যায় তার ছোট ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের রাজনৈতিক জীবনে; পরবর্তীতে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁওয়ের মানুষ তাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠান। তাঁর অনুসারীরা জানান, এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির চর্চা করতেন।
প্রতিবছর তাঁর শাহাদতবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়। এবারও ‘এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ’ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কক্সবাজার-৩ আসনের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় খতমে কুরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কবর জিয়ারত।
এসব কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য ‘এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ’-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।