রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

পল্টনে রিকশাকে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে পালালেন চালক; পুলিশ বলছে, গাড়িটি সাবেক অতিরিক্ত আইজিপির, চালকের আসনে ছিলেন তাঁর ছেলে

শনিবার রাতে কালভার্ট রোডে গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন; পুলিশ পরিত্যক্ত গাড়িটি হেফাজতে নিয়েছে।

রাজধানীর পল্টনে কালভার্ট রোডে শনিবার রাতে একটি প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যান, পরে পুলিশ পরিত্যক্ত গাড়িটি হেফাজতে নেয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে একটি শাখা সড়কে ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে নিয়ে যান।

মতিঝিল ট্রাফিক পুলিশের একটি সূত্র জানিয়েছে, গাড়ির চালকের আসনে ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিবগাতুল্লাহর ছেলে। দুর্ঘটনার পর গাড়ি রেখে তিনি পালিয়ে যান।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক সাবেক অতিরিক্ত আইজিপি সিবগাতুল্লাহ। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি। ঘটনায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তথ্যে কিছু জানা যায়নি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে ফুটপাতে বিশ্রাম নেওয়া নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) একটি দ্রুতগতির প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই মারা যান। ওই ঘটনায় গুলশান থানায় মামলা করেন নিহতের ভাই। গাড়িচালক হিসেবে একজনকে আসামি করা হয়। দুর্ঘটনার পর চালকের আসনে থাকা এক কিশোরকে উপস্থিত লোকজন আটক করলেও পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই কিশোরের সম্পৃক্ততা পায় এবং পরে তাকে আইনের সংস্পর্শে আনা হয়।