বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য, রাজশাহীতে বললেন বিদ্যুৎমন্ত্রী

ছাদের সোলার প্যানেলের উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকায় কিনবে সরকার; গত আট মাসে বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪৬ হাজার কোটি টাকা।

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে সৌরবিদ্যুৎই অন্যতম কার্যকর পথ। এ উদ্যোগ সফল হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে বলে তাঁর মত।

বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে সবাইকে উৎসাহিত করে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যক্তি পর্যায় থেকেও এগিয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ে সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ও জেলা পুলিশ সুপার মামুন অর রশিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে সিটি করপোরেশনের প্রশাসক তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।