রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ফ্যামিলি কার্ড শুমারি: বাড়িতে যাবেন তথ্য সংগ্রহকারী, এনআইডি ও মোবাইল অ্যাকাউন্টের তথ্য প্রস্তুত রাখার আহ্বান

সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবর থেকে দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ চলছে।

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য নেবেন। এ জন্য নাগরিকদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে সারা দেশে এই তথ্য সংগ্রহ চলছে। তথ্য সংগ্রহকারীরা অতি শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন।

কী কী কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে তার তালিকাও দেওয়া আছে। যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি; পরিবারের অন্য সদস্যদের এনআইডি এবং যাঁদের এনআইডি নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদ রাখতে বলা হয়েছে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ হাতের কাছে রাখতে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্যও প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য সংগ্রহকারীরা অতি শিগগিরই বাড়িতে যেতে পারেন, তাই কাগজপত্র আগেভাগে গুছিয়ে রাখা ভালো।