ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের একটি সামরিক স্থাপনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি।
তায়ানি বলেন, ইরান কয়েকটি ড্রোন দিয়ে কুয়েতের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এর একটি হামলা হয় কুয়েতের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ কেন্দ্রে, যেখানে রোমভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার প্রযুক্তি বিভাগের দুই কর্মী কাজ করছিলেন। তাঁর ভাষায়, হামলায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং কুয়েত থেকে পাওয়া খবর অনুযায়ী দুর্ভাগ্যবশত দুজনই মারা গেছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইতালির সশস্ত্র বাহিনীর ব্যবহৃত একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ‘শনাক্তকরণ অ্যানটেনা’ রক্ষণাবেক্ষণের কাজে তাঁরা কুয়েতে ছিলেন।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে ইতালির দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, হামলায় আরও অন্তত দুজন আহত হয়েছেন; তাঁদের একজন কুয়েতি, অন্যজন পাকিস্তানি নাগরিক। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান নিহতদের পরিবারের প্রতি শোক জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ঘটনার ধরন নিয়ে কিছুটা ভিন্ন বর্ণনাও পাওয়া যাচ্ছে। কুয়েতের সেনাবাহিনী আগে জানিয়েছিল, দেশটির আকাশসীমায় ‘ইরানি শত্রুতামূলক ড্রোন’ মোকাবিলার সময় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই ইতালীয়সহ চারজন আহত হন। পরে মন্ত্রণালয় জানায়, আহত দুই ইতালীয়ের মৃত্যু হয়েছে। ইতালীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিহত দুজন জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।
ইরানের পক্ষ থেকে ঘটনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।