মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে ধস

সামন্তসার ইউনিয়নের সড়কটির প্রায় ৫০ মিটার ধসে গেছে, আরও পাঁচ জায়গায় ছোট ধস ও চার জায়গায় বড় ফাটল; কাজের মান নিয়ে প্রশ্ন স্থানীয়দের।

শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশে ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাটের সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এক সপ্তাহ না পেরোতেই প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস দেখা দেয়; পিচের আস্তরণসহ নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম হয়েছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি কেটে এনে বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে, অথচ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পাইলিং কিংবা মাটি ধরে রাখার ব্যবস্থা করা হয়নি। তাঁদের ভাষ্য, যে অংশটি এখন ধসেছে, নির্মাণকাজ চলার সময়ও সেখানে ভাঙন হয়েছিল; যথাযথ মেরামত না করে দায়সারাভাবে কাজ শেষ করা হয়। স্থানীয় বাসিন্দা নিজাম ঢালী বলেন, রাস্তার পাশে পাইলিং করা প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি; পাশে মাটি না থাকলে রাস্তা টিকবে না।

অভিযোগের বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধস হয়েছে। যেহেতু এটি নির্মাণাধীন কাজ, তাই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়া হবে বলে তিনি জানান।

এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলী এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক এবং নির্মাণকাজের মান যাচাই করা হোক।