ভারতের মণিপুরে জাতিগত সংঘাতের জেরে আবারও চারজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ইম্ফল-উখরুল সংযোগকারী ২০২ নম্বর জাতীয় সড়কের নিউ হেভেন এলাকায় সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় এ ঘটনা ঘটে। নিহত চারজনই তাংখুল নাগা সম্প্রদায়ের; তাঁদের মধ্যে দুজন মা ও ছেলে, অপর দুজন ভাই ও বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা দুটি আলাদা গাড়িতে ইম্ফলের দিকে যাচ্ছিলেন। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী এই পথে চলাচলের সময় লিটান থেকে ২০ কিলোমিটার সংবেদনশীল এলাকায় সাধারণ মানুষকে সরকারি নিরাপত্তাবলয়ের সহায়তা নিতে হয়। কিন্তু নিরাপত্তা বহরে যোগ দিতে লিটানে পৌঁছানোর আগেই নিউ হেভেনে দুটি গাড়ির ওপর স্নাইপার হামলা চালানো হয়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। নিহতদের দুজন শংখশাক গ্রামের এবং বাকি দুজন তাশার গ্রামের বাসিন্দা। এর আগে গত ১৮ এপ্রিলও একই জায়গায় দুজন নাগা নাগরিককে হত্যা করা হয়েছিল।
মণিপুর পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীরা এ হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে স্থানীয় পুলিশ, বিএসএফ, সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছান এবং সন্দেহভাজনদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়।
এই হামলার এক দিন আগে সেনাপতি-কাংপোকপি সীমান্তে ধানখেতে কাজ করার সময় গোলাগুলিতে ৪২ বছর বয়সী এক কুকি নারীর মৃত্যু হয় এবং দুজন আহত হন। এর কয়েক ঘণ্টা পর উখরুলে এক নাগা যুবক গুলিবিদ্ধ হন। ওই নারীর মৃত্যুর প্রতিবাদে কুকি সংগঠন ‘কমিটি অন ট্রাইবাল ইউনিটি’ কাংপোকপিতে ৪৮ ঘণ্টার বনধ ডেকেছিল।
ঘটনা ঘিরে রাজ্যে রাজনৈতিক ও সামাজিক চাপানউতোর শুরু হয়েছে। ‘ইন্ডিজেনাস পিপলস ফোরাম’ এ হামলার জন্য সশস্ত্র কুকিদের দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে উখরুলের ‘কুকি সিএসও ওয়ার্কিং কমিটি’ হামলার নিন্দা জানালেও এতে তাদের সম্প্রদায়ের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে; তারা পূর্ণাঙ্গ তদন্ত ও সব সম্প্রদায়ের সমান নিরাপত্তার দাবি তুলেছে।
কংগ্রেস পরিষদীয় দলের নেতা কেইশাম মেঘচন্দ্র বলেন, ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু প্রমাণ করে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকারের শোকবার্তা কোনো নিরপরাধ মানুষের জীবনের বিকল্প হতে পারে না। সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতা থামাতে না পারায় তিনি খেমচাঁদের নেতৃত্বাধীন রাজ্য সরকারের পদত্যাগ দাবি করেছেন।
২০২৩ সালের মে মাস থেকে চলা মেইতেই-কুকি সংঘর্ষে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কুকি-নাগা সংঘাতে অন্তত ৬৬ জন প্রাণ হারিয়েছেন।