কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। পাঁচ বছরেও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সেখানে প্রতিদিন পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। বৃষ্টির পানিতে এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে পাশের নাওডাঙ্গা বিল ও ফসলি জমিতে। এতে মাছ ও ধান চাষ ব্যাহত হচ্ছে, দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের চার গ্রামের কয়েক হাজার মানুষ।
সরেজমিন দেখা যায়, নাওডাঙ্গা বিল এলাকায় বর্জ্য শোধনাগারের জন্য নির্মিত স্থাপনার ভিত্তি পড়ে আছে। এর পাশেই স্তূপ করে রাখা হয়েছে পৌরসভার বর্জ্য। স্থানীয় ইউপি সদস্য আবদুল গণি বলেন, শোধনাগার নির্মাণের জন্য কৃষকেরা জমি বিক্রি করেছিলেন, কিন্তু প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সেই জমিই এখন দুর্ভোগের কারণ। স্থানীয় বাসিন্দা কল্লোল রায় বলেন, একসময় নাওডাঙ্গা বিলের প্রায় ২০ একর জমিতে সমবায়ভিত্তিক মাছ ও আমন ধানের চাষ হতো। বন্যার পর বিলে আসা মাছও বর্জ্যের কারণে মারা যাচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, আইডিবির অর্থায়নে চার কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালের মধ্যে শোধনাগারটি নির্মাণের কথা ছিল। দরপত্রে কাজ পায় মেসার্স এস এম আদিল এন্টারপ্রাইজ। পরে জমির অবস্থান পরিবর্তন হওয়ায় নকশা সংশোধন করতে হয়। এতে ব্যয় আরও এক কোটি ৭৩ লাখ টাকা বাড়লেও অনুমোদন না পাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, ঠিকাদারকে ইতিমধ্যে তিন কোটি ১৩ লাখ টাকা বিল দেওয়া হয়েছে; অতিরিক্ত অর্থ অনুমোদন না পাওয়ায় কাজ বন্ধ রয়েছে। ইউএনও ও পৌর প্রশাসক এ টি এম আরিফ বলেন, নতুন জায়গায় বালু ভরাটসহ প্রয়োজনীয় অর্থ একনেকে অনুমোদিত হলে শোধনাগারের কাজ শুরু হবে।