রাজধানীর কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ঘুসির আঘাতে এক চা দোকানির মৃত্যু হয়েছে। নিহত জুয়েল (৩২) ওই এলাকার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার দুপুর পৌনে তিনটার দিকে কল্যাণপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিগারেটের বকেয়া টাকার পাওনা নিয়ে জুয়েল ও ইব্রাহীমের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এ সময় ইব্রাহীমের ঘুসির আঘাতে জুয়েল মাটিতে পড়ে যান এবং পরে অচেতন হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জুয়েলের মরদেহ ওই হাসপাতালেই রাখা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কয়েক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তের ঘুসিতে জুয়েলের মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি মিরপুর মডেল থানা-পুলিশের হেফাজতে আছেন। অভিযুক্ত হিসেবে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।