রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

তরুণদের কাজের সুযোগ তৈরি হলেও কাজে লাগছে না: রাজশাহীর আমে প্রক্রিয়াজাতকরণের ঘাটতি তুলে ধরল পিপিআরসির গবেষণা

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, শিল্প বাড়লেও কর্মসংস্থান বাড়ছে না এবং ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজার স্নাতক।

তরুণদের জন্য সুযোগ থাকলেও তা আয়, কর্মসংস্থান ও টেকসই ব্যবসায় রূপ নিচ্ছে না। কারণ, সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও সেবার ঘাটতি রয়েছে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মেসো-ইকোনমি ও মিসিং মিডল: তরুণদের জন্য সুযোগ কেন ফল হয়ে ফিরছে না’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়। গবেষণায় সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানে পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক বিষয় সামনে থাকলেও এর পেছনে অর্থনৈতিক ন্যায়বিচারের দাবিও ছিল। তাঁর ভাষ্য, সামষ্টিক অর্থনীতি এবং পরিবার বা ব্যক্তির অর্থনীতি নিয়ে আলোচনা হলেও মাঝের স্তরটি কম গুরুত্ব পায়, যেখানে একজন তরুণ চাকরি পেতে বা নিজের উদ্যোগ বড় করতে পারেন, আবার আটকেও যেতে পারেন।

গবেষণায় ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, দেশে ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। অর্থাৎ ডিগ্রি কাজের নিশ্চয়তা দিচ্ছে না। এ ছাড়া ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে উৎপাদন খাতে কর্মসংস্থান ৯ দশমিক ৬ শতাংশ কমেছে, অথচ শিল্প খাতের আকার বছরে ৯ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে।

রাজশাহী অঞ্চল নিয়ে গবেষণায় বলা হয়েছে, উৎপাদন যতটা এগিয়েছে, প্রক্রিয়াজাতকরণ ও সহায়ক সেবা ততটা এগোয়নি। দেশের প্রায় অর্ধেক আম এই অঞ্চল থেকে এলেও অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী তা প্রায় পুরোটাই তাজা ফল হিসেবে বিক্রি হয়। ফসল সংগ্রহের পর উল্লেখযোগ্য ক্ষতির কথাও তাঁরা জানিয়েছেন। আমের শুকনা টুকরা, ঘনীভূত উপাদান, আঁটির বাটার ও তেল তৈরির মাধ্যমে নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে বলেও মত দিয়েছেন তাঁরা। রাজশাহীর রেশম খাতেও অব্যবহৃত সক্ষমতার চিত্র উঠে এসেছে।

যশোরের বিষয়ে গবেষণায় বলা হয়েছে, সেখানে ফুল, মৎস্য চাষ, হালকা প্রকৌশল ও ডিজিটাল উদ্যোগের বৈচিত্র্য থাকলেও ব্যবসার বাস্তবতার সঙ্গে আর্থিক ও প্রশাসনিক সেবার মিল কম। চট্টগ্রামে বন্দর, পরিবহন ও স্বাস্থ্যসেবায় দক্ষ কর্মীর চাহিদা থাকলেও তরুণদের উপযোগী করে তোলার প্রশিক্ষণ কম। নোয়াখালীতে নারী উদ্যোক্তার জন্য স্বল্প সুদের ঋণের সুযোগ থাকলেও স্বামীর স্বাক্ষরের মতো শর্তে তা মিলছে না বলে গবেষণায় উঠে এসেছে।

গবেষণাটি করা হয়েছে ২০২৬ সালের ২৮ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। রাজশাহী, যশোর ও চট্টগ্রামে তরুণ ও নিয়োগদাতাদের নিয়ে পৃথক পরামর্শ সভা হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নপত্র পূরণ করেছেন ১০০ তরুণ এবং ৫৯ নিয়োগদাতা ও উদ্যোক্তা। এ ছাড়া নওগাঁ, পীরগঞ্জ, যশোরের হাইটেক পার্ক, উপকূলীয় নোয়াখালী ও বান্দরবানের আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মাঠপর্যায়ে আলোচনা করা হয়েছে।