তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের আলোচনা ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যবর্তী সীমায় হওয়া উচিত বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক সংবাদ ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ। তিনি বলেন, দারিদ্র্যসীমা বিবেচনায় একজন শ্রমিকের জন্য প্রয়োজনীয় মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা, আর জীবন ধারণের উপযোগী মজুরির (লিভিং ওয়েজ) পরিমাণ ২৪ হাজার ২০৪ টাকা। তাঁর ভাষায়, মজুরি নিয়ে আলোচনা এই দুটি অঙ্কের মধ্যবর্তী সীমার ভেতরেই হওয়া উচিত।
নাজনীন আহমেদ আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরির দিকে এগিয়ে যাওয়া, যাতে তাঁরা পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন। মজুরি নির্ধারণে প্রচলিত ‘দর-কষাকষির’ সংস্কৃতির বদলে দুই পক্ষের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য অঙ্কে পৌঁছানোর কথা তিনি বলেন।
সিপিডির হিসাবে, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে চার সদস্যের একটি পরিবারের জন্য ২০২৬ সালে তা দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকায়। সংস্থাটির অভিযোগ, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই নিম্নতম মজুরি বোর্ড বেতনকাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে প্রমাণনির্ভর পদ্ধতি চালুর প্রয়োজনীয়তার কথাও বলা হয়।
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পোশাকশ্রমিকদের জন্য ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এরই মধ্যে বোর্ডের দুটি সভা হয়েছে। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। গত সোমবারের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা স্থগিত হয়; পরবর্তী সভা ২৩ নভেম্বর। এর মধ্যে এক মাসের বেশি সময় ধরে মজুরি বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বর্তমানে তাঁদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ১ ডিসেম্বর কার্যকর হয়েছিল।