পাবনার ঈশ্বরদী উপজেলায় নিজ বাড়ির গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মুফতি নজরুল ইসলাম নামে এক ইমাম মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন নজরুল ইসলাম। শনিবার সকালে বাড়ির একটি বিটুলিগাছ কাটতে গেলে সেটির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদের ইমাম ছিলেন। প্রায় দুই মাস আগে তিনি সেখান থেকে স্থায়ীভাবে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এর পর থেকেই বাড়িতে মাদরাসা গড়ার উদ্যোগ নিয়েছিলেন বলে স্থানীয়রা জানান।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, সংবাদকর্মীদের মাধ্যমে তিনি গাছ কাটার সময় চাপা পড়ে একজন আলেমের মৃত্যুর খবর জেনেছেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।