যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের বিষয়ে আলোচনা ও দর-কষাকষির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এটি কেবল বাংলাদেশকেন্দ্রিক কোনো সিদ্ধান্ত নয়; বরং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের রাজনৈতিক ও বাণিজ্যিক এজেন্ডার অংশ এবং একটি সর্বজনীন নীতির প্রতিফলন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা ট্রাম্পের নির্বাচনি প্রচারণা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে নেওয়া বাণিজ্যনীতির প্রধান প্রকল্প। তবে বিষয়টি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বিশ্বের আরও অনেক দেশের ওপর এই সর্বজনীন নীতি প্রযোজ্য হচ্ছে।
শুল্ক ইস্যুতে দর-কষাকষির সুযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এই শুল্কচুক্তির কিছু বিষয় সরকার অযৌক্তিক মনে করে এবং সে নিয়ে কথা বলার সুযোগ আছে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ নিজেদের যুক্তি ও অবস্থান তুলে ধরতে পারবে।
তৈরি পোশাক খাতে শুল্কছাড়ের সম্ভাবনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী উদাহরণ দেন, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে পণ্য তৈরি করে সেই পণ্য আবার যুক্তরাষ্ট্রেই রপ্তানি করে, তাহলে শুল্কছাড়ের বিষয়ে দর-কষাকষির সুযোগ আছে। তিনি আরও বলেন, নতুন শুল্কনীতির বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবশ্যই কিছু আপত্তি ও পর্যবেক্ষণ রয়েছে। কোন বিষয়টি যৌক্তিক আর কোনটি অযৌক্তিক, তা স্পষ্টভাবে তুলে ধরে ঢাকা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছিল।