মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে ডিএফসি; জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলো।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে ডিএফসি।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর ফলে বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলো। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধার আওতায় উপযুক্ত প্রকল্পে অর্থায়ন পাওয়া যাবে। সংস্থাটির ভাষ্য, এতে বিনিয়োগের ঘাটতি কমবে এবং ঝুঁকি বা অর্থায়ন-সংকটের কারণে যেসব বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না, সেগুলো বাস্তবায়ন সম্ভব হবে। ফলে কর্মসংস্থান বাড়বে, প্রয়োজনীয় সেবার মান উন্নত হবে এবং স্থানীয় ব্যবসা শক্তিশালী হবে বলে আশা করছে সংস্থাটি।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করার এবং প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তাঁর ভাষ্য, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে—এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করা যাবে, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, পারস্পরিক বাণিজ্যচুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিএফসি জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাস করে, যেখানে দ্রুত বর্ধনশীল বেশ কয়েকটি অর্থনীতিও রয়েছে। মুক্তবাজার নীতির ভিত্তিতে বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে এ অঞ্চলে মার্কিন প্রতিষ্ঠানের উপস্থিতি বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে সংস্থাটি কাজ করছে। কোন কোন প্রকল্পে কত অর্থায়ন হতে পারে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।