রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ চেকপোস্ট ও অভিযান চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (১৪ নভেম্বর) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চালানো এই অভিযানে ৫৪০টি যানবাহন তল্লাশি করা হয়। এতে ৯৮টি মামলা হয়েছে এবং ৩৯টি যানবাহন আটক করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, অভিযানটি পরিচালিত হয় তাদের ট্রাফিক বিভাগ ও মহানগরীর ১২টি থানা পুলিশের সমন্বয়ে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
পুলিশের ভাষ্য, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করাই এই অভিযানের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে বলে আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
পাশাপাশি যানবাহনের চালক ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে এবং নিরাপদ সড়ক গড়তে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।