ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রকল্পটি পরিচালনাকারী বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান উড়ালসড়ক দিয়ে চলাচলকারী গাড়ির সংখ্যা প্রকৃতের চেয়ে কম দেখাচ্ছে। এ ছাড়া অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত বা পদাবনতি করার অভিযোগও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। প্রতিবেদনে বলা হয়েছে, গোপন অনুসন্ধানে দৈনিক প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়া গেছে। কিন্তু সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু গাড়ির টোল কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থায় না তুলে ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ না দিয়ে টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যবহারের অভিযোগও আছে।
সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) এই প্রকল্পের চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত গাড়ির টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ পাবে সরকার। আর দৈনিক চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে। অভিযোগ, দিনে এক লাখের বেশি গাড়ি চললেও সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে না। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী অবশ্য দিনে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করে।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলেছে, তবে টানা নয়। ম্যানুয়ালি টোল নেওয়া গাড়ির হিসাবও রাখা হচ্ছে বলে তিনি জানান। এসবির প্রতিবেদনকে ‘ভুল’ বলছেন না জানিয়ে তিনি বলেন, প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে; টোল আদায় ঠিকভাবে হচ্ছে কি না, তা তাঁরা দেখবেন। প্রকল্প পরিচালক গোলাম মর্তুজা বলেন, তিনি নতুন যোগ দিয়েছেন, তাই অনিয়মের অভিযোগ সম্পর্কে জানেন না। প্রকল্পটি পরিচালনাকারী কোম্পানির প্রশাসন ব্যবস্থাপক বলেছেন, যেকোনো বিষয়ে জানতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করতে হবে।
২৫ বছর পর বিনিয়োগকারীরা উড়ালসড়কটি সরকারের কাছে হস্তান্তর করবে। তার আগে টোল আদায় করে বিনিয়োগের অর্থ সুদসহ তুলে নেবে তারা।