বিএনপির নামে যাঁরা চাঁদাবাজি করছেন, তাঁদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, কেউ চাঁদাবাজি করলে যেন তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দুই-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া যাবে না।’ পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কেউ চাঁদাবাজি করলে চোখ-কান বুঝে তাঁদের গ্রেপ্তার করতে হবে। এদের তিনি বিএনপির জন্য ‘জঞ্জাল’ বলে উল্লেখ করেন।
জনগণের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, তাঁরা জোর দিয়ে বলতে পারেন যে তাঁদের মন্ত্রী ঘুষ খান না। তিনি বলেন, একজন মানুষ কতটা সৎ, তা বোঝা যায় তখনই, যখন তিনি কতটা অসৎ হওয়ার সুযোগ পেয়েছেন তা দেখা যায়।
নিজের অতীত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০৫ সালে খন্দকার শহীদুল ইসলামের পক্ষে কাজ করতে এসেও কেউ তাঁকে অর্থ দিয়ে কিনতে পারেনি। তিনি চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে জড়িত নন এবং তাঁদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক থাকুক, তা তিনি চান না বলেও উল্লেখ করেন।