বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজশাহী মেডিকেলে নির্মাণাধীন ওয়ার্ডের গ্রিলবিহীন বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

বুধবার দুপুরে রামেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত বাবার সঙ্গে থাকা শিশুটি নিচে পড়ে গুরুতর আহত হয়; পরে সে মারা যায়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নির্মাণাধীন ওয়ার্ডের গ্রিলবিহীন বারান্দা থেকে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। তার বাবা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। একই হাসপাতালে ভর্তি ছিল ছয় বছর বয়সী বড় বোনও। স্বামী ও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি হিমশিম খাচ্ছিল। শিশুটির মা জানান, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে জমানো টাকাও প্রায় শেষ হয়ে যাওয়ায় তিনি হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

মায়ের ভাষ্যমতে, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে গেলে ওয়ার্ডে থাকা শিশুটি হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। একপর্যায়ে সেখান থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। বারান্দাটিতে নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না।

দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও স্যালাইন দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। দুপুর আড়াইটার দিকে শিশুটি মারা যায়।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।’

তিনি আরও জানান, হাসপাতালের দাপ্তরিক প্রক্রিয়া ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নির্মাণাধীন অংশে নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো নতুন সিদ্ধান্ত হয়েছে কি না, তা জানা যায়নি।