পশ্চিমবঙ্গের চার মন্ত্রী ও এক বিধায়কের বক্তব্যের কড়া সমালোচনা করে তাঁদের ‘বাংলাদেশের দিকে চোখ তুলে না তাকানোর’ হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে অগ্নিসন্ত্রাসের উসকানি দিচ্ছেন।
বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের চার মন্ত্রী ও এক বিধায়ক একই দিনে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা অগ্রহণযোগ্য। তাঁদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না। পলাতক শেখ হাসিনা আপনাদের দেশে বসে অগ্নিসন্ত্রাসের উসকানি দিচ্ছেন।”
মন্ত্রী আরও বলেন, ক্ষমতা ফিরে পাওয়ার উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে যথার্থ বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, দলটির সাম্প্রতিক তৎপরতাই এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরছে। তিনি দাবি করেন, অগ্নিসন্ত্রাস ও নাশকতার মতো কর্মকাণ্ডে সরকারের পদক্ষেপের সঠিকতা প্রমাণিত হচ্ছে। দেশে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে এবং আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। এর আগে শৈলকুপা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সমাজ থেকে অপরাধ ও অপসংস্কৃতি দূর করে তরুণদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে।