ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের লক্ষ্যে বিরোধী দল ইয়াশার ও ইসরাইল বেইতেনুর মধ্যে একটি চুক্তি হয়েছে। গত মাসের নির্বাচনের পর বিরোধী দলগুলোর মধ্যে এটিই প্রথম জোট চুক্তি। ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট এ চুক্তি করেছেন।
ইয়াশার পার্টি জানায়, মঙ্গলবার আইজেনকট ইসরাইল বেইতেনুর প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর তাঁরা একটি চুক্তিতে সম্মত হন। নির্বাচনের আগে থেকেই নেতানিয়াহুর কড়া সমালোচক লিবারম্যান। ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট ৫৩ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা হারায়। আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন, আর আরব দলগুলো সম্মিলিতভাবে পেয়েছে ১৯ আসন। আইজেনকটের দলের আসন ২১ এবং লিবারম্যানের দলের সাতটি।
সরকার গঠনে অন্তত ৬১ আসন প্রয়োজন। তাই বিরোধীদের হয় আরব দলগুলোর সমর্থন নিতে হবে, নয়তো নেতানিয়াহুর জোটের কোনো দলকে নিজেদের দিকে টানতে হবে। লিবারম্যান আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছেন, তাই এই চুক্তিকে কিছুটা বিস্ময়কর বলা হচ্ছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের আলোচনা শেষ করতে আইজেনকটকে সময় দিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহু ইহুদি দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা বলছেন।
এর মধ্যেই বুধবার বিরোধীদের নিয়ন্ত্রণাধীন পার্লামেন্ট ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার স্বাধীন তদন্তের জন্য রাষ্ট্রীয় কমিশন গঠনের আইনের প্রথম ধাপ পাস করেছে। আইনটি পাসের জন্য চার ধাপের ভোট লাগবে। প্রথম ধাপে ৬৫ জন সদস্য পক্ষে ও ৫০ জন বিপক্ষে ভোট দেন; আইজেনকটের ইহুদি-নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোও বিলের পক্ষে ছিল। একই দিন প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ এবং ফৌজদারি অভিযোগ থাকা অবস্থায় প্রধানমন্ত্রী পদে থাকা সীমিত করার একটি বিলও পাস হয়েছে, যা নেতানিয়াহুকে লক্ষ্য করেই আনা বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু বিলটিকে ‘রাজনৈতিকভাবে নির্মূলের হাতিয়ার’ বলে বর্ণনা করেন। তিনি স্বাধীন তদন্তের বদলে এমন একটি সরকারি তদন্ত চান, যেখানে পার্লামেন্ট সদস্যরা প্যানেলের সদস্য বাছাই এবং মন্ত্রিসভা তদন্তের পরিধি ঠিক করবে। আইজেনকটসহ সমালোচকেরা একে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা বলছেন। পরিবহনমন্ত্রী মিরি রেগেভ বলেন, বিলটি ব্যর্থতার তদন্তে নয়, বরং ‘আমাদের সাহসী সৈন্যদের’ তদন্তে নিয়ে যাবে। জনমত জরিপে এ ধরনের কমিশনের পক্ষে ব্যাপক সমর্থন দেখা গেছে।